২২ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
বোস্টন ঘটনায় লেজে-গোবরে অবস্থা: তোপের মুখে এফবিআই

বোস্টন ম্যারাথন বিস্ফোরণের ঘটনা মোকাবেলায় সীমাহীন ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই।

বার্তা সংস্থা আবনা : বোস্টন ম্যারাথন বিস্ফোরণের ঘটনা মোকাবেলায় সীমাহীন ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা  এফবিআই। এ নিয়ে আমেরিকার বেশ কয়েকজন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য প্রশ্ন তুলেছেন। সেইসঙ্গে তারা জানতে চেয়েছেন, প্রধান সন্দেহভাজন তামেরলান সারনায়েভকে এফবিআই রেড ফ্ল্যাগ দেখাতে ব্যর্থ হয়েছে কিনা।

মার্কিন এসব সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য প্রশ্ন তুলেছেন, কেন তামেরলানকে আরো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেনি এফবিআই।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটির সদস্য পিটার কিং বলেছেন, এফবিআই সন্দেহভাজন সন্ত্রাসীর বিষয়ে আগেভাগেই তথ্য দিয়ে থাকে, তারা তার ওপর নজরদারি করে অথচ বোস্টন ঘটনার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। তিনি বলেন, “আমার জানা মতে এ নিয়ে অন্তত পাঁচবার এফবিআই কোনো সন্ত্রাসীকে মোকাবেলা করতে ব্যর্থতার পরিচয় দিলো এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ঘটনার শেষ হলো।”

হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, যদি এফবিআই তামেরলানের ওপর আরো ভালোভাবে নজরদারি করত তাহলে এ ঘটনা ঘটতে পারত না।

গত সোমবার বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও ১৭০ জন আহত হয়। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত তামেরলান সারনায়েভ এবং তার ছোট ভাই ১৯ বছর বয়সী জোকার সারনায়েভ সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আটক করে পুলিশ। তবে, আটক অভিযানের সময় পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যায় তামেরলান।